ঢাক, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চুক্তি বাস্তবায়নে পাহাড়ি ও সমতলের নৃগোষ্ঠীর পাশাপাশি প্রগতিশীল বাঙালিদের নিয়ে জোরদার আন্দোলনের ঘোষণা দিয়েছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
পার্বত্য চুক্তির চতুর্দশ বর্ষপূর্তিতে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এ সমাবেশ ডাকে।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেন, “আমরা ১৪ বছর ধরে আমরা সরকারের নীতি-নির্ধারকদের নিকট নিপীড়ন-নির্যাতনের কথা বলে আসছি। এই দীর্ঘ সময়ে অনেকে ক্ষমতায় আসা-যাওয়া করলেও কোনো সরকারই গণতান্ত্রিক ও অসা¤প্রদায়িক মনোভাব নিয়ে আদিবাসীদের কথা শোনেনি এবং ইতিবাচক কিছু করেনি।”
১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে চুক্তির পর সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে সন্তু লারমা নেতৃত্বাধীন পাহাড়িরা। তবে পাহাড়ি এ নেতা অভিযোগ করে আসছেন, চুক্তি বাস্তবায়নে সরকার সচেষ্ট নয়।
পাহাড় ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আবার তুলে ধরেন আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা।
এ বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনের সময়ও এ দাবি তারা তুলেছিলেন, তবে তা উপেক্ষিত হয়।
সন্তু লারমা বলেন, “সারাদেশে ৫৪ ধরনের আদিবাসী থাকলেও তাদের পরিচিতি না দিয়ে বর্তমান সরকার উগ্র জাতীয়তাবাদের পরিচয় দিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে সা¤প্রদায়িকতার পরিচয় দিয়েছে।”
সন্তু লারমাদের দাবির প্রতি সমর্থন প্রকাশ করে সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, এই চুক্তি যেহেতু একটি রাজনৈতিক বিষয়, সেহেতু কাজটি রাজনৈতিকভাবেই করতে হবে।
“সরকার সদিচ্ছা থাকলে ছয় মাসের মধ্যেই এই চুক্তি বাস্তবায়ন সম্ভব। চুক্তি হওয়ার পরও বাস্তবায়ন না হওয়ায় আদিবাসীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
সমাবেশে সরকারের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি দাবি জানান।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, রোবায়েত ফেরদৌস, তথ্য কমিশনার সাদেকা হালিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশ গুপ্ত, রোকেয়া কবীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০১ ঘ.
bdnews24