ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের দ্রুত বিচার এবং সমাজের সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিকে সামনে রেখে রাজধানীতে সপ্তাহব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করেছে সুচিন্তা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উৎসব উদ্বোধন করে জাতীয় সংসদের চীফ হুইপ আব্দুস শহীদ যুদ্ধাপরাধ বিচার দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই উৎসব নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে।”
উৎসবের আয়োজনের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে যুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনী, পথনাটক, গান, একক ও দলীয় আবৃত্তি, ব্যান্ড সংগীত ইত্যাদি। প্রতিদিন দুপুর ৩টায় উৎসবের অনুষ্ঠান শুরু হবে।
আয়োজনের অন্যতম সহযোগী মুক্তিযুদ্ধ যাদুঘরের একটি ভ্রাম্যমান গাড়িও উৎসবস্থলের পাশে এই কয়েকদিন উপস্থিত থাকবে।
উদ্বোধনে শুভেচ্ছা বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত।
এ সময় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, সাংসদ জিন্নাতুননিসা তালুকদার, সাংসদ শাহরিয়ার আলম প্রমুখ বক্তব্য দেন।
উৎসবের প্রচারমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে চ্যানেল আই, রেডিও এবিসি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২৪৯ ঘ.
bdnews24