২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইলো ও আশ্রয়কেন্দ্রে জাপানি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

খাদ্য অধিদপ্তরের জন্য মংলায় সাইলো নির্মাণে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ এবং উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র্র নির্মাণে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের জন্য মংলায় সাইলো নির্মাণে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ এবং উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র্র নির্মাণে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে মন্ত্রী এ সহযোগিতা চান। মংলায় একটি জেটিসহ কংক্রিটের সাইলো নির্মাণের কাজ চলছে। এতে জাপান অর্থ সহায়তা দিচ্ছে। উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র্র নির্মাণেও জাপান ইতোপূর্বে সহায়তা দিয়েছিল বলে খাদ্যমন্ত্রী জাপানি রাষ্ট্রদূতকে জানান। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মংলায় নির্মাণাধীন সাইলোর জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি টাকা। কিন্তু সা¤প্রতিক এক সমীক্ষা প্রতিবেদনে এ ব্যয় বাড়তে পারে বলে জাইকার পক্ষ থেকে বলা হয়েছে। এ বাড়তি ব্যয়ের বিষয়টি দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। খাদ্য সংরক্ষণের জন্য কাঠ বা কংক্রিটের তৈরি বড় আকারের গুদামকে বলা হয় সাইলো। মন্ত্রী রাজ্জাক জানান, উপকূলীয় এলাকায় বর্তমানে দুই হাজার ৩০০ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। জনসংখ্যার হিসেবে সেখানে আরো পাঁচ হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে তিন হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ হচ্ছে। বাকি দুই হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণে জাপান সরকার সহায়তা করতে পারে। সাক্ষাতে দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং জাপানের সহায়তায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। খাদ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, জাপানের সহায়তায় দেশের উত্তরাঞ্চলে ১৪০টি খাদ্যগুদাম নির্মাণ করা হচ্ছে। এসব গুদামের মোট ধারণ ক্ষমতা এক লাখ ১০ হাজার মেট্রিক টন। এসব গুদামের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এ বছরই শেষ হচ্ছে। রাষ্ট্রদূত উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে তার দেশ এবং জাইকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৪২ ঘ.