ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মো. আতিয়ার রহমানকে (৩০) গ্রেপ্তার করে বাংলাদেশ আর্মড পুলিশ। তিনি বাংলাদেশ বিমানের একজন লোডার হিসেবে কর্মরত বলে পুলিশ জানায়।
আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লন্ডন থেকে একটি বিমান অবতরণ করার পর মালামাল নামানোর সময় আতিয়ার একটি লাগেজ কেটে মালামাল নিচ্ছিলেন।
“এ সময় তাকে হাতেনাতে ধরা হয়। তার কাছে একটি স্বর্ণের নেকলেস ও একটি কানের দুল পাওয়া যায়।”
আতিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/আরএ/১৮৫৯ ঘ.
bdnews24