২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০১ এর নির্যাতন ‘সাকা তরিকুল নিজামীসহ ২৬ হাজার জড়িত’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংখ্যালঘু স¤প্রদায় ও বিরোধী দলের ওপর নির্যাতনে বিএনপি-জামায়াত জোটের ২৫ জন মন্ত্রী ও সংসদ সদস্যও জড়িত ছিলেন, যাদের বিরুদ্ধে অচিরেই মামলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু স¤প্রদায় ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনকারী হিসেবে ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করেছে সরকার। তাদের বিরুদ্ধে মামলা করে শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। চিহ্নিত ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াত জোটের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছেন বলে তিনি বৃহস্পতিবার মন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান। গত এপ্রিলে দেওয়া বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন এ সংবাদ সম্মেলনেই প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে ২০০১ সালের নির্বাচনোত্তর সহিংস ঘটনা ঘটেছে। সাবেক মন্ত্রীরা হলেন- বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, তরিকুল ইসলাম, হাফিজউদ্দিন আহমেদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তৎকালীন সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদুল হক জামাল, আব্দুল ওয়াদুদ ভূইয়া, নাদিম মোস্তফা, জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), এ এইচ এম সেলিম, শহিদুল ইসলাম, ইলিয়াস আলী, ইলেন ভুট্টো, হাফিজ ইব্রাহিম, সালাউদ্দীন আহমেদ, আলমগীর হায়দার, ডা. সালেক চৌধুরী, জহিরউদ্দীন স্বপন, মাওলানা সাখাওয়াত হোসেন। জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী, ডা. আবু তাহের ও আব্দুস সোবহানের নামও রয়েছে। এছাড়া নাটোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক একরামুল কবির রয়েছেন এই তালিকায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে মানুষ কত নিষ্ঠুর, নির্মম ও বর্বর আচরণ করতে পারে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। নির্যাতনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী তা করা হবে। সাহারা বলেন, অষ্টম নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান, শিল্প, কৃষিজমি দখল করা হয়েছিল। আওয়ামী লীগকে সমর্থন করার জন্য অনেক নারী ও শিশুকে ধর্ষণেরও শিকার হতে হয়েছে। ২০০১ সালের নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন গত এপ্রিল মাসে প্রায় ১১শ’ পৃষ্ঠার প্রতিবেদন স্বরাষ্ট্্র মন্ত্রণালয়ে জমা দেয়। প্রতিবেদনে সহিংস ঘটনার সংখ্যা ১৮ হাজারেরও বেশি উল্লেখ করা হলেও কমিশন ৩ হাজার ৬২৫টি ঘটনা সম্পর্কে তদন্ত করে। এর কারণ হিসাবে প্রতিবেদনে বলা হয়, ঘটনার ব্যাপকতা, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়া, একটি মাত্র কমিশনের ওপর দায়িত্ব, লোকবল ও উপকরণ স্বল্পতা এবং নিরাপত্তার অভাবে ঘটনা শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ জানাতে অনীহা। মন্ত্রী বলেন, হুমকি ও ভয়ভীতির কারণেও অনেকে অভিযোগ দাখিল করেননি। অনেক সময় মামলা দেওয়ার পর চাপে পড়ে ঘটনার শিকার ব্যক্তিরা তা প্রত্যাহার করে নিয়েছে। “বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীদের নামে ৫ হাজার ৮৯০টি মামলা সরকারিভাবে প্রত্যাহার করে নিয়ে ৭০ হাজার দলীয় নেতাকর্মী সন্ত্রাসীকে মুক্ত করে দেওয়া হয়,” বলেন সাহারা। একটি মানবাধিকার সংগঠনের আবেদনে হাইকোর্টের নির্দেশে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপুকে প্রধান করে তিন সদস্যের ওই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। ঘটনার প্রায় সাড়ে ৯ বছর পর গঠিত কমিশন প্রায় সোয়া এক বছর তদন্ত করে প্রতিবেদন দেয়। তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরির কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশাল প্রতিবেদন পুরো পড়ে তারপর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ খণ্ডের ওই প্রতিবেদনটি ১ হাজার ৭৮ পৃষ্ঠার। এর প্রথম খণ্ডে কমিশন গঠনের ইতিবৃত্ত, লেখচিত্রসহ সহিংসতার ধরন ও প্রকার, সহিংস ঘটনার কিছু উদাহরণ, কারণ ও পটভূমি ব্যাখ্যা করা হয়। এছাড়াও এই খণ্ডে কমিশনের কার্যক্রম, সারসংক্ষেপ, প্রাসঙ্গিক মতামত ও সুপারিশ, কমিশন গঠনের রিট আবেদনের সংক্ষিপ্ত বিবরণ, এ বিষয়ে হাইকোর্টের রায় এবং দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা, আওয়ামী নেতাসহ ২০০৪ সালের ২১ অগাস্টে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার মতো স্পর্শকাতর কিছু সহিংস ঘটনার বিবরণ দেওয়া হয়। অন্য চারটি খণ্ডে ঘটনার নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিযোগ, ঘটনার বর্ণনা এবং প্রাথমিকভাবে জড়িতদের নাম উল্লেখ করা হয়। তদন্ত কমিশনের ৫ সুপারিশ সহিংস ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের জন্য আইনের আওতায় আনা। অভিযুক্তদের বিরুদ্দে ফৌজদারি আইনে মামলা করা এবং কোনো মামলায় প্রভাব খাটিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলে তা পুনরুজ্জীবিত করা। প্রতি জেলায় স্বল্প মেয়াদে একটি তদারকি কমিটি গঠন করে তাদের তদারকিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন করা। ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অথবা ক্ষতিপূূরণ দেওয়া। নির্বাচনোত্তর সংহিংসতা এড়াতে আবেগ দমন করে জয়-পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, সহনশীল ও সংযত আচরণের বিষয়ে ইতিবাচক মনোভাব জাগ্রত করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এমআই/১৫৩৩ ঘ.