২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন পর বাস চলাচল শুরু

টানা পাঁচদিন ধর্মঘট শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সব রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পাঁচদিন ধর্মঘট শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সব রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর দুপুর থেকেই বাস চলাচল শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত এক বাস চালককে আটক করায় সোমবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেছিল বাস মালিক ও শ্রমিকরা। জেলা বাস মালিক সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান ফিরোজ বলেন, “আমরা পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছিলাম। বৈঠকে এসব দাবি পূরণের আশ্বাস দেওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।” জেলা প্রশাসক কে এম আলী আজম সাংবাদিকদের বলেন, “মালিক ও শ্রমিক সংগঠনের দাবিগুলো নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে। বিধি অনুযায়ী এসব দাবি পূরণের ব্যবস্থা করা হবে।” অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামসহ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৬০৭ ঘ.