পাবনা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-রাজশাহী অঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী রেলগেটের কাছে বিকট শব্দে বগি তিনটি লাইনচ্যুত হয় বলে জানান রেল কর্তৃপক্ষ। এতে কেউ আহত হয়নি।
পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে পার্বতীপুর যাচ্ছিল। সকাল ৯টার দিকে রেলগেট এলাকায় বগিগুলো লাইনচ্যুত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এরপর খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেসকে ঈশ্বরদী এবং রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেসকে পোড়াদহ স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।
যাত্রীদের দুর্ভোগের কথাও স্বীকার করেন এই রেল কর্মকর্তা।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও পুনরায় কখন এই পথে রেল যোগাযোগ সচল হবে তা জানাতে পারেননি সুজিত।
ট্রেন পরীক্ষক মনিরুজ্জামান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইনের সংযোগ পয়েন্ট বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
কাজে বিলম্ব হওয়ায় বাইপাস তৈরি করে আটকে পড়া ট্রেনগুলি সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পংকজ কুমার সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪২ ঘ.
bdnews24