ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর, মুন্সীগঞ্জ ও নড়াইলে বুধবার চারটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলায় দুপুরে মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন।
দুপুর ১২টার দিকে সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চুন্নু মিয়া (৪০) গাজীপুর সদরের বোর্ডবাজারের সাতাইশ সড়ক এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টসের চালক।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি প্রাইভেট কার দ্রুতগতিতে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস ও প্রাইভেট কারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পরে প্রায় দেড় ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান তিনি।
লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজদিখান উপজেলার চালতাপাড়ায় বাস চাপায় নিহত নির্মল বিশ্বাস (৫৫) ওই গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া একই উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের কেইয়ান তালুকদার ফিলিং স্টেশনের সামনে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
এ দুটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কে দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা পৌনে ২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
নড়াইল প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে লোহাগড়ার পারমল্লিকপুরে নছিমন চাপায় নিহত যুঁথি খাতুন (৬) উপজেলার নওয়াপাড়া গ্রামের ইমরান হোসেনের মেয়ে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার যুঁথি তার পরিবারের সদস্যদের সঙ্গে পারমল্লিকপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিল। লোহাগড়া-মহাজন সড়ক পার হতে গেলে একটি নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২৩০০ ঘ.
bdnews24