ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৬ সালের নিয়োগ বিধির একটি ধারা ও পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করেছেন কর্মচারি নেতারা।
বুধবার বৈঠকে তারা নিয়োগ বিধির ৪(খ) ধারা ও পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, শতভাগ সিলেকশন গ্রেড দেওয়া, পদের নাম পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা করা এবং বেতন স্কেল পরিবর্তনসহ ছয় দফা দাবি জানান।
বাংলাদেশ সচিবালয় অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে কর্মচারীদের একটি দল বৈঠকে অংশ নেয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুসুর রহমান পদাধিকার বলে ওই মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবি-দাওয়া সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি।
সচিবালয়ে কর্মরত অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটরদের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ সচিবালয় অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কল্যাণ সমিতি।
বৈঠক প্রসঙ্গে মোজাম্মেল হোসেন বলেন, ২০০৬ সালের নিয়োগবিধিতে অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটরদের পদোন্নতির মাধ্যমে শুধু প্রশাসনিক কর্মকর্তার (এও) ৬৫ শতাংশ পূরণের সুযোগ রাখা হয়েছে।
কিন্তু সাঁট-মুদ্রাক্ষরিক (স্টেনোগ্রাফার) কাম কম্পিউটার অপারেটর পদ থেকে ব্যক্তিগত কর্মকর্তা (পিও) পদে ৮০ শতাংশ এবং প্রশাসনিক কর্মকর্তা (এও) পদে ১৫ শতাংশ পদোন্নতির সুযোগ রয়েছে।
এ অবস্থায় চলতি বছরের ৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবি-দাওয়া সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় ওই তিন পদে যোগ্য লোক পাওয়া না গেলে স্টেনোগ্রাফারদের দিয়ে এসব পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অফিস সহকারী পর্যায়ের কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এ বিষয় নিয়ে দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হয়েছে।
অতিরিক্ত সচিব ইউনুসুর রহমান তাদের এসব দাবি পর্যালোচনা করে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৩১ ঘ.
bdnews24