২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিট আবেদনে খোকা ‘সাবেক’

ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার বিরুদ্ধে রিট আবেদনে নিজেকে সাবেক মেয়র উল্লেখ করেছেন সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার বিরুদ্ধে রিট আবেদনে নিজেকে সাবেক মেয়র উল্লেখ করেছেন সাদেক হোসেন খোকা। বুধবার হাইকোর্টে রিট আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়টি তুলে ধরলে খোকার আইনজীবী বলেন, এটি ভুল করে হয়েছে। বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১] মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়। এর পরদিনই আদালতে যান নয় বছর ধরে ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা। সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হয়েছে দাবি করে তা বাতিলের আদেশ চেয়ে আবেদন করেন তিনি। তিনি রিট আবেদনে এর পাশাপাশি নতুন দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ ঠেকাতে বর্তমান কাঠামোর ওপর স্থিতাবস্থা জারির আদেশও চান তিনি। ডিসিসি ভাগের বিষয়ে রুল দিলেও স্থিতাবস্থার বিষয়ে একমত হননি হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারক। এরপর খোকার আইনজীবীরা বলেন, এরপর সরকার প্রশাসক নিয়োগে কোনো ধরনের উদ্যোগ নিলে তা আমরা আদালতের নজরে আনবো। শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “খোকা নিজেও রিট আবেদনে নিজেকে সাবেক মেয়র হিসাবে উল্লেখ করেছেন। তিনি একটি ফেয়ারওয়েলও গ্রহণ করেছেন।” তখন খোকার আইনজীবী আখতার ইমাম বলেন, “আবেদনের ওপরে এটা ভুলক্রমে হয়েছে। পুরো রিটেই তাকে বর্তমান মেয়র হিসাবেই উল্লেখ করা হয়েছে।” রিট আবেদনে হাইকোর্ট ডিসিসি ভাগের আইন কেন বাতিল হবে না, তার কারণ জানাতে বলেছে সরকার ও নির্বাচন কমিশনকে। এ জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আদালতের রুল জারির পর খোকা বিকালে সাংবাদিকদের বলেন, “ডিসিসি ভাগের বিরুদ্ধে সব মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছিলো। আদালতের রুল জারিতে সেটাই আইনি বৈধতা পেলো।” রিট আবেদনের সময় দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকাকে ভাগ করার জন্য বিলটি পাস করা হয়েছে। “সংবিধান অনুসারে ঢাকা বাংলাদেশের রাজধানী। এভাবে ভাগ করার কোনো যৌক্তিকতা ছিলো না। এর প্রতিকার চাইতে আদালতে এসেছি,” বলেন তিনি। খোকা এবং তার দল বিএনপি শুরু থেকেই ডিসিসি ভাগে আপত্তি জানিয়ে আসছিলো। তাদের দাবি, রাজনৈতিক অভিসন্ধি থেকেই এ বিভাজন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণের সেবার মান বাড়াতেই এই পদক্ষেপ। ২০০২ সালে এপ্রিল মাসে নির্বাচনে বিজয়ী হয়ে মে মাসে মেয়রের দায়িত্ব নেন সাদেক হোসেন। ওই নির্বাচন বর্জন করেছিলো আওয়ামী লীগ। তার মেয়াদ চার বছর আগে ফুরিয়ে গেলেও এতদিন পর্যন্ত নির্বাচন হয়নি স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৫৫ ঘ.