ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাজারে পণ্যের খুচরা মূল্য বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগে না।
বুধবার জাতীয় সংসদে বেগম ফরিদা রহমানের লিখিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী চিনি ও ভোজ্যতেলের মূল্য সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ী সমিতির মাধ্যমে পরিবর্তন অযৌক্তিক হলে সরকার ওই পণ্যের মিলগেট মূল্য, পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দিতে পারে।”
বেগম মেহের আফরোজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও প্রতিবেশি যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অধিকাংশ পণ্যের মূল্য এখনো অপেক্ষাকৃত কম।”
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্তমান বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। মোটা চাল ৩০ থেকে ৩৩, সয়াবিন তেল ১০৪ থেকে ১০৮, চিনি ৫৮ থেকে ৬০, মশুর ডাল ৮০ থেকে ৯০, পেঁয়াজ ৩২ থেকে ৩৬ এবং আদা ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বেগম ফরিদুন্নহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের বাজারে বাংলাদেশের ৪৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পেয়েছে। ভারতে রপ্তানির ক্ষেত্রে নিগেটিভ লিস্টভুক্ত বর্তমানে ৪৩৪টি পণ্যের মধ্যে ৪০৯টি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে।
বর্তমানে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি বিশ্বের ৩০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বলে অপু উকিলের প্রশ্নের জবাবে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের কোথাও বাংলাদেশি চিংড়ি রপ্তানির ওপর নেতিবাচক কোনো শর্ত আরোপ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনিটারি ও ফাইটো সেনেটারি (এসপিএস) শর্ত মেনেই চিংড়ি রফতানি হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৪ ঘ.
bdnews24