ঝালকাঠী, নভেম্বর ৩০ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আদালত অবমাননার দায়ে ঝালকাঠী জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, তত্ত্বাবধায়ক ও অফিস পরিদর্শককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঝালকাঠীর জেষ্ঠ হাকিম মো. মাসুদুর রহমান এ সাজা দেন।
দণ্ডিতরা হলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, তত্ত্বাবধায়ক মো. মোস্তফা কামাল ও অফিস পরিদর্শক মো. সাইদুর রহমান ফারুক।
আদালতের বেঞ্চ সহকারী রুস্তম আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাকিম মাসুদুর রহমানের শ্রান্তি বিনোদনের বিল প্রস্তুত করে ২৯ নভেম্বর মঙ্গলবার ঝালকাঠী হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়।
বুধবার সকালে কোনো ব্যাখ্যা ছাড়াই বিলটি পাশ না করে ফেরত পাঠানো হয়।
এতে ওই আদালতের বিচারক ০১/২০১১ নম্বর মোকদ্দমা করে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিনজনকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।
হিসাবরক্ষণ বিভাগের ওই তিন কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে এ ব্যপারে লিখিত বা মৌখিক কোনো যুক্তি উপস্থাপন করতে না পারায় বিচারক এ তাদের সাজা দেন, রুস্তম আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯২৯ ঘ.
bdnews24