বেনাপোল, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে ভারতের আংরাইল সীমান্তের ঘোষপাড়া চৌরাস্তা মোড়ে তরিকুল ইসলামের (২০) লাশ পাওয়া যায় বলে জানায় বিজিবি।
তরিকুল ইসলাম যশোরের শার্শা উপজেলার ভুলোট গ্রামের হামজের আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২২ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আফজাল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে একদল বাংলাদেশি গরু ব্যবসায়ীর সঙ্গে তরিকুল গরু কিনতে ভারত যান।
বেনাপোল থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে ঘোষপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছলে একদল দুর্বৃত্ত তরিকুলকে অপহরণ করে। তারা তরিকুলের কাছ থেকে গরু কেনার টাকা ছিনিয়ে নিয়ে গলা কেটে হত্যা করে।
তবে তার কাছে কত টাকা ছিলো তা জানাতে পারেননি বিজিবি কর্মকর্তা আফজাল।
বিজিবি কর্মকর্তা আরো জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং তরিকুলের লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24