ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি জটিলতার সমাধান পুনরায় পরীক্ষা না নিয়েই সম্ভব বলে মত দিয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেনও। পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলেও আদালতে বলেছেন তিনি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজের এ মত হাইকোর্টে তুলে ধরেন। একই মত জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুহম্মদ জাফর ইকবালও।
দুজনের মতামত শুনে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার আদেশের জন্য দিন ঠিক করেছে।
আদালত বলেছে, তারা দুই অধ্যাপকের বক্তব্য শুনে সন্তুষ্ট (কনভিন্সড)।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানের বিষয়টির দিকে দৃষ্টি রাখার আহ্বান জানালে আদালত তা বিবেচনা করারও আশ্বাস দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব ও প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন আদালতে বলেন, “পুনঃপরীক্ষাসহ এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো মূলত বাণিজ্য অনুষদের ভর্তি কমিটি নিয়েছে। তাদের সুপারিশই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।”
“এক্ষেত্রে নিয়ম মানা হয়নি। সাধারণ ভর্তি কমিটি, একাডেমিক কাউন্সিলকে উপেক্ষা করা হয়েছে। এমনকি ফল বাতিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটেরও পূর্ব অনুমতি নেওয়া হয়নি। বরং পরে অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে মাত্র।”
আনোয়ার হোসেন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় বিপন্নদের পাশে দাঁড়িয়েছে। এখানে কিছু সংখ্যক শিক্ষার্থী সংক্ষুব্ধ হয়েই এসেছে। তাই আমি তাদের পক্ষেই বলছি।”
তিনি বলেন, “পরীক্ষার ওএমআর শিট আমাদের হাতে রয়েছে। তাই ভারপ্রাপ্ত ডিনের অধীনে একটি নতুন ভর্তি কমিটি করে পুনঃনিরীক্ষা করা যেতে পারে।”
“এক্ষেত্রে প্রয়োজনে বর্তমান মেধা তালিকায় যারা রয়েছে তাদের অবস্থান ঠিক রেখে এটা করা যেতে পারে। এক্ষেত্রে নতুন যাদের নাম আসবে তাদেরকেও ভর্তির সুযোগ দেওয়া যেতে পারে।”
গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়।
এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ শিক্ষার্থী এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার আগেই আগামী ৯ ডিসেম্বর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দিন ঠিক করে।
আদালতের আহ্বানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল কয়েকদিন আগে মত জানিয়েছিলেন, পুনরায় পরীক্ষা ছাড়াই এ জটিলতার অবসান সম্ভব।
ওই দিন শুনানির পর আদালত জাফর ইকবালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে বলেন। আলোচনা করে বুধবার আবার বক্তব্য দেন তিনি।
বুধবার জাফর ইকবাল আদালতে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, অনেক ভুল হয়েছে। তাদের অধিকাংশই আবার পরীক্ষা নেওয়ার পক্ষে।”
“আরেকটা বিষয় আমি জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন করা হয়েছে, কোচিং সেন্টারের গাইড বই দেখে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাবো?”
পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “ব্যাপারটা এরকম যে একটা অসুখ হয়েছে। আমি চাইলে অ্যান্টিবায়োটিক দিতে পারি। তবে তা না দিয়ে সার্জারি ভালো জানি বলে, সরাসরি সার্জারি করে দিলাম।”
শুনানিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন বলেন, “ভুলের সংখ্যা একবার ছয়টি বলা হলো, আবার বলা হলো ১১টি, এরপর ১৫টি। এখন বলা হচ্ছে মোট ভুল ১৮টি। এভাবে ভুলের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের কলঙ্কজনক ঘটনা ঘটেনি।”
“এই কলঙ্ক থেকে মুক্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই কলঙ্ক নিয়ে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় চলতে পারে না,” মন্তব্য করেন তিনি।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, “পুনঃপরীক্ষা ছাড়া এই কলঙ্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই।”
তবে রিট আবেদনকারী শিক্ষার্থীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “ভুল করেছে বিশ্ববিদ্যালয়। এর দায় তাদের। এটা অন্য কারো ওপর না চাপিয়ে ভবিষ্যতে এ ধরনের ভুল এড়ানোর মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে কলঙ্কমুক্ত করা যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এমআই/২২৩১ ঘ.
bdnews24