২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে তথ্য-প্রযুক্তির মিলনমেলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে এশিয়ায় তথ্য-প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের সম্মেলন ই-এশিয়া ২০১১। সম্মেলনের এবারের শ্লোগান- রিয়েলাইজিং ডিজিটাল নেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হচ্ছে এশিয়ায় তথ্য-প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের সম্মেলন ই-এশিয়া ২০১১। সম্মেলনের এবারের শ্লোগান- রিয়েলাইজিং ডিজিটাল নেশন। তিন দিনের এ আয়োজনে তথ্য-প্রযুক্তি (আইসিটি) খাতের দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের আইসিটি পণ্য ও সেবা নিয়ে প্রদর্শনী, সেমিনার ও মেলার আয়োজনও থাকছে।” ভারতীয় গবেষণা সংস্থা সেন্টার ফর সায়েন্স ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সিএসডিএমএস) এ সম্মেলনের মূল আয়োজক। ঢাকার আয়োজনে তাদের সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। ইয়াফেস ওসমান জানান, সম্মেলন উপলক্ষে ৩০টি সেমিনার ও কর্মশালা হবে। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জাপান, থাইল্যান্ড ও নেদারল্যান্ডসের কান্ট্রি প্যাভেলিয়ন থাকবে। সম্মেলনের দ্বিতীয় দিন তথ্য-প্রযুক্তিতে এশিয়ার সেরা উদ্যোগগুলোকে পুরস্কৃত করা হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্মেলনের পাশাপাশি চলবে তথ্য-প্রযুক্তি মেলা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার প্রবেশমূল্য ১০ টাকা ধরা হলেও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রথমবারের মতো ই-এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে ব্যাংককে। এরপর মালয়েশিয়ায় দুটি এবং শ্রীলঙ্কায় একটি সম্মেলন হয়। গত বছর ফিলিপাইনে সম্মেলন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৩২২ ঘ.