২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি ট্রাক ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 04:35 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

হবিগঞ্জ/গাজীপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি ট্রাক ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুরের জয়দেবপুর উপজেলার বাহাদুরপুরে গ্রামের এনামুল হক (৩৬), তার স্ত্রী পারভীন আক্তার (৩০), ছেলে পারভেজ (১৫), ফিহাম (৪) ও মেয়ে ইয়ামিন আহমদ (৪) এবং পারভীনের ভাইয়ের ছেলে জামিরুল ইসলাম (৩০)। মাইক্রোবাসের আরোহী পারভীনের বড় বোন জাহেদা আক্তার (৪৫), জাহেদার নাতি সিয়াম (৪) ও নাতনি মারিয়া আক্তার (৭) এবং চালক নাজমুল হককে (৩০) আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারভীনের বড় ভাই রসূল উদ্দিন জানান, হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতে এনামুল পরিবারের সদস্যদের নিয়ে ভোরে গাজীপুর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পথে হবিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। পারভীন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও রসূল উদ্দিন জানান। এসআই ফরিদ বলেন, সিলেট যাওয়ার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে সিলেটগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। একইসময়ে সেখানে আরেকটি ট্রাক উপস্থিত হলে সেটিও দুর্ঘটনায় পড়ে। এতে মাইক্রোবাস ও একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসের ছয় আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৫০ ঘ.