ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রেখে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১১ জাতীয় সংসদে পাস হয়েছে।
ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি পাসের জন্য সোমবার সংসদে উত্থাপনের পর বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটির ওপর রাশেদ খান মেননের একটি সংশোধনী গৃহীত হয়।
এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।
আইন অনুসারে, এটি কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা প্রস্তুত করে সরকারি গ্রেজেট প্রকাশ করা হবে। তালিকায় মৌজাওয়ারী সম্পত্তির প্রকৃতি, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও পরিমাণ দেওয়া থাকবে। আগের আইনে অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের সময়সীমা ছিল ২১০ দিন।
গেজেটে বর্ণিত জমির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে তা গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দাবির সমর্থনে সব কাগজপত্র এবং প্রমাণসহ জেলা কমিটির কাছে আবেদন করতে হবে।
গত ৭ ডিসেম্বর ভূমিমন্ত্রী বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে এটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরে ৫ জুলাই সংসদীয় কমিটি এ বিলের প্রতিবেদন উত্থাপন করে।
প্রতিবেদনে বলা হয়, কমিটি ছয়টি বৈঠক করে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করে। এছাড়া বিলটি স্পর্শকাতর হওয়ায় সংশি¬ষ্ট ব্যক্তি ও সংগঠনের মতামতও নিয়েছে বলে আইনে উলে¬খ করা হয়।
আইনে বলা হয়েছে, জেলা কমিটি ১২০ দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই করে লিখিত সুপারিশ জেলা প্রশাসকের কাছে পেশ করবে। প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসককে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।
জেলা কমিটির সুপারিশে সংক্ষুব্ধ ব্যক্তি বিলের ৪ এর উপধারা (৩)-এর অধীনে ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে আপিল করতে পারবে।
পাসকৃত বিলের ৯(খ) ধারায় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, স্থানীয় একজন সাংসদসহ সাত সদস্যের জেলা কমিটি গঠনের কথা বলা হয়েছে। আর ৯(গ) ধারায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি করে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
বিলের ২৬ দফায় বলা হয়েছে, অর্পিত সম্পত্তির দাবিনামা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে সেটি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। আর সরকারি সম্পত্তি সরকার বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর বা সরকারের বিবেচনামতো ব্যবহার করতে পারবে।
২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি বিক্রয় বা স্থায়ী ইজারা দেওয়ার ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার বা ইজারাসূত্রে ভোগদখলকারী অগ্রাধিকার পাবেন। এছাড়া অদাবিকৃত অর্পিত সম্পত্তিও প্রত্যার্পণের জন্য এ আইনে বিধান রাখা হয়েছে।
তবে এসব সম্পত্তির আবেদনের নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর কোনো ব্যক্তি তাতে স্বত্ত্ব, স্বার্থ বা অধিকার দাবি করতে পারবে না।
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের প্রেক্ষিতে ওই বছরের ৬ সেপ্টেম্বর হতে ১৯৬৯ সালের ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত যেসব নাগরিক পাকিস্তান ছেড়ে ভারত গেছেন তাদের ফেলে যাওয়া সম্পক্তি শক্রসম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়।
২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-২০০১ জারি করা হয়। ২০০২ সালে এটি আবার সংশোধন করা হয়। তবে আইনটি অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি।
অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত কিছু সম্পত্তি বাংলাদেশি মূল মালিক বা তার বাংলাদেশি উত্তারিধকারী বা ওই মূল মালিক বা উত্তরাধিকারীর বাংলাদেশি স্বার্থাধিকারীর কাছে প্রত্যর্পণ এবং আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করতেই এ আইন প্রণয়ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৯ ঘ.
bdnews24