২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়ালে লিখলে কারাদণ্ড

নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে দেয়ালে লিখলে এবং পোস্টার লাগালে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রেখে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে দেয়ালে লিখলে এবং পোস্টার লাগালে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রেখে একটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে। বিধান লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ও অর্থ অনাদায়ে সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে বিলে। সোমবার সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি উত্থাপন করেন। ভ্রাম্যমাণ আদালতে এ বিচার কাজ করার সুযোগ রাখা হয়েছে বিলে। যত্রতত্র পোস্টার লাগানো ও দেয়াল লিখন রোধে এ বিল প্রস্তাব করা হয় বলে জানান নানক। স্পিকার বিলটি পরীক্ষা নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় দেয়াল লিখন ও পোস্টার লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক এ বিধিমালার আওতা বহির্ভূত থাকার কারণে পণ্য বিপণন, সেবা প্রদান ও অন্যান্য বাণিজ্যিক বিষয়ে যত্রতত্র পোস্টার লাগানো হচ্ছে। এর আগে ২০০৮ সালের ৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন পায় বিলটি। গত ১১ জুলাই বিলটির খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/২০০৮ ঘ.