চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ওয়াসার ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প’ পরিদর্শন করেছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
সোমবার সকালে চট্টগ্রাম ওয়াসার সভাকক্ষে এ প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ।
এরপর ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাপানের রাষ্ট্রদূত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউয়িনের কর্ণফুলী নদীতে প্রকল্পটি পরিদর্শন করেন।
একেএম ফজলুল্লাহ সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফুলী নদীর তীরে বাস্তবায়নাধীন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পটিতে ব্যয় হবে মোট এক হাজার ৫১০ কোটি টাকা।
তিনটি প্যাকেজের অধীনে পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০১৪ সালের মধ্যে। এর সি-১ প্যাকেজের অধীনে নির্মিত হবে নদী থেকে পানি উত্তোলন ব্যবস্থা ও পরিশোধন প্ল্যান্ট। বর্তমানে এই প্যাকেজের কাজ চলছে।
সি-২ প্যাকেজে নির্মাণ করা হবে পরিবহন ও বিতরণ পাইপ লাইন এবং সি-৩ প্যাকেজে নির্মাণ করা হবে জলাধার।
ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রকল্প থেকে দৈনিক মোট ১৩ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন সম্ভব হবে।
এ প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকার ৫০৪ কোটি টাকা, জাইকা ৯৯১ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসা ১৫ কোটি টাকা দেবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোিেয়ন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৯৩৪ ঘ.
bdnews24