২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রবীন্দ্রনাথকে হৃদয়ে রেখেছেন বাংলাদেশিরাই’

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশের মানুষের যতটা উন্মাদনা রয়েছে পশ্চিমবঙ্গে ততটা নেই বলে মনে করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশের মানুষের যতটা উন্মাদনা রয়েছে পশ্চিমবঙ্গে ততটা নেই বলে মনে করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথকে নিয়ে দুই বাংলার মানুষের উচ্ছ্বাস প্রসঙ্গে সোমবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, “ঢাকায় এবার নতুন আসিনি, এখানে এলে যে সাড়া পাই তাতে আমি অভিভূত। এখানকার মানুষের আতিথেয়তা অতুলনীয়।” ঢাকায় একটি নাট্যানুষ্ঠানে যোগ দিতে এসে রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির আবেগময়তার কথা তুলে ধরে তিনি বলেন, “রবীন্দ্রনাথকে নিয়ে বাংলাদেশের মানুষের যতটা সাড়া ও উম্মাদনা রয়েছে পশ্চিমবঙ্গে ততটা আছে কিনা তাতে সন্দেহ হয়।” “বাঙালির হৃদয়ে যে রবীন্দ্রনাথ রয়েছে তা আপনারা (বাংলাদেশিরা) বাঁচিয়ে রেখেছেন।” যোগ করেন খ্যাতিমান এই অভিনেতা। বাংলাদেশে এসে কাজ করতে ভালো লাগে জানিয়ে তিনি বলেন, “আপনারা ডাকলে আবারও আসবো।” সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথের কাজ ও জীবন আলেখ্য নিয়ে একটি গল্পের মঞ্চায়নের জন্য ঢাকায় এসেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সংবাদ সম্মেলনে শর্মিলা ঠাকুর বলেন, “রবীন্দ্রনাথের উত্তরাধিকারি হয়ে এই প্রথম ঢাকায় এসেছি। এখানে এসে আপনাদের যে সাড়া পেয়েছি তাতে নিজের ভেতর একটা চাপ অনুভব করছি।” এর আগে কখনো ঢাকায় আসেননি জানিয়ে রবীন্দ্রনাথের ভাইয়ের মেয়ের নাতনি শর্মিলা বলেন, “একটু ঢাকা দেখতে বেরিয়েছিলাম। কিন্তু আপনাদের এখানে যে এতো যানজট (ট্রাফিক) সে বিষয়ে আগে কোনো ধারণা ছিলো না। এজন্য হোটেলে ফিরতে দেরি হয়ে গেলো।” সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে ‘লাইফ আনএন্ডিং’ নামে ওই গল্পের মঞ্চায়ন হবে। এতে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর এবং জগন্নাথ গুহ। অনুষ্ঠানটির আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সকালিবার এন্টারটেইনমেন্ট এবং যাত্রিক। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন এবং সাহিত্যকর্ম নিয়ে রচিত এ গল্পের নাট্যরূপ ও নির্দেশনাও দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র তার অভিনয় জীবন শুরু করেন সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। তার অভিনীত জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে ‘ফেলুদা’ অন্যতম। চলচ্চিত্র ছাড়াও তিনি অনেক মঞ্চ নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী শর্মিলা ঠাকুরেরও প্রথম চলচ্চিত্রে অভিনয় সত্যজিৎ রায়ের অপুর সংসারে’ই। শর্মিলা সদ্য প্রয়াত ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির স্ত্রী। তার ছেলে সাইফ আলি খান এবং মেয়ে সোহা আলি খান বলিউডি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএমটি/১৯১৫ ঘ.