ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়ক হয়েছেন ব্যারিস্টার রফিক উল হক এবং মাহমুদুর রহমান মান্না সদস্য সচিব।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিক উল হক বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং তা বিকাশের লক্ষ্যে কাজ করবেন তারা।
“সুশীল সমাজের একটি সম্মিলিত সংগঠন আমরা করছি। এর মাধ্যমে আমরা রাজনৈতিক দল ও সরকারের ভুল ধরিয়ে দেবো, গণতন্ত্র বিকাশে তাদের পরামর্শ ও সহযোগিতা করবো।”
ঘোষিত ২২ সদস্যের আহ্বায়ক কমিটিতে রয়েছেন- কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক নূরুল কবীর, বিভূরঞ্জন সরকার, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ, স্থপতি মোবাশ্বের হোসেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, খালেদা জিয়ার সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী গৌতম দেওয়ান, শিল্পী মাহমুদুজ্জামান বাবু।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক রয়েছেন এ কমিটিকে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মনজুরুল ইসলাম, আসিফ নজরুল, শরীফুল্লা ভূঁইয়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাহদীন মালিক, পিয়াস করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিলারা চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন।
গঠিত কমিটিতে এ ছাড়াও রয়েছেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, চক্ষু চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক মাহবুব কামাল, বিকল্পধারা বাংলাদেশের নেতা মাহি বি চৌধুরীর স্ত্রী আশফাহ হক লোপা।
সংবাদ সম্মেলনে ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বিজেএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী।
বদরুদ্দোজা চৌধুরী ও কাদের সিদ্দিকী নতুন এ সংগঠনের সাফল্য কামনা করেন।
সংবাদ সম্মেলনে সরকার ও বিরোধী উভয় দলেরই সমালোচনা করেন এইচ এম এরশাদের সময়কার অ্যাটর্নি জেনারেল রফিক উল হক।
তিনি বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি, শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান, আইনবর্হিভূত হত্যা ও নির্যাতন, গুম খুন, দুর্নীতি, চাঁদাবাজি, শাসক দলের জন্য একতরফা দায়মুক্তি, ভিন্নমতকে রুদ্ধকরণ, জ্বালানি সঙ্কট, নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানে ব্যর্থতা, অস্বচ্ছ প্রক্রিয়ায় দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদন ইত্যাদি দেশের মানুষের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।”
“এসব উপদ্রব প্রতিরোধ করার রাজনৈতিক দায়িত্ব পালনে বিরোধী দলও ব্যর্থ হয়ে চলেছে বলে আমরা মনে করি। এজন্য বেশি করে জনগণের কথা বলতে হবে। তাদের বহু কিছু জানাতে হবে,” বলেন তিনি।
সরকার ও বিরোধী দলের কার্যক্রমের মূল্যায়নে ব্যারিস্টার রফিক আরো বলেন, “দুই দল মারামারি করবে না, হানাহানি করবে না- এটাই আমরা চাই। নাগরিকদের উন্নয়নে দুই দল এক হয়ে কাজ করবে- এটা আমারা আশা করি।”
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি মান্না বিরোধী দলকে সংসদে ফিরে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন, সরকারও গণতন্ত্র চর্চা করছে না।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, “আমি যতটুকু জানি, বিচারকরা রায় লেখেননি। এর মধ্যে সংবিধান সংশোধন করা হয়ে গেছে। এর জন্য সরকার, না বিচার বিভাগ দায়ী- তা জনগণ বিবেচনা করবে।”
ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা ঠিক হয়নি বলে মত প্রকাশ করেন তিনি।
সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া জানিয়ে রফিক-উল হক বলেন, গবেষণা, গোলটেবিল, সেমিনার, বিবৃতির পাশাপাশি প্রয়োজনে তারা গণশুনানি, প্রতিবাদ সমাবেশ, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩০ ঘ.
bdnews24