২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করের আওতায় আসছেন এমপিরাও

মন্ত্রীদের পর এবার স্পিকারসহ সব সংসদ সদস্যের বেতনের ওপর করের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলেই সংসদ সদস্যদের আয়কর দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের পর এবার স্পিকারসহ সব সংসদ সদস্যের বেতনের ওপর করের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলেই সংসদ সদস্যদের আয়কর দিতে হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়। গত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী মন্ত্রী-এমপিদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এ পদক্ষেপের মধ্য দিয়ে তা-ই বাস্তবায়নের পথে এগোচ্ছে। গত ১৭ নভেম্বর মন্ত্রী ও মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টাদের আয়কর দেওয়ার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। কর্মকর্তারা জানান, মন্ত্রিসভায় অনুমোদিত এ প্রস্তাব এখন সংসদে যাবে। এরপরই তা চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে ‘দি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) আ্যাক্ট এবং দি মেম্বার অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট এর সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে। তিনি বলেন, “আগের আইনে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন করমুক্ত ছিলো। তাদের করের আওতায় আনার জন্য এ সংক্রান্ত আইন সংশোধনের প্রয়োজন হয়। আইন সংশোধন করে আজ এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে অনুমোদন দেওয়া হয়।” বর্তমান আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন আয়কর মুক্ত। কিন্তু এখন আইন পরির্বন হলে তাদের সবাইকে আয়কর দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৮০১ ঘ.