২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার জন্যই ঢাকাভাগ: প্রধানমন্ত্রী

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার উদ্যোগের পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণকে সেবা দেওয়ার স্বার্থেই সংসদে এ বিষয়ে বিল তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার উদ্যোগের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে সেবা দেওয়ার স্বার্থেই সংসদে এ বিষয়ে বিল তোলা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং ৩৭ জন কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, “জনসংখ্যা বাড়ছে। ঠিকমতো জনসেবা দেওয়া যাচ্ছিল না। তাই মূল ঢাকা ও বর্ধিত অংশকে নিয়ে দুটি পৃথক সিটি করপোরেশন করার প্রস্তাব-সংবলিত বিল সংসদে উত্থাপন করা হয়েছে।” প্রধানমন্ত্রী যুক্তি দেখান, “আসলে বাংলা একাডেমী ও ঢাকা গেট পর্যন্তই ঢাকা শহর ছিল। সেটা বাড়তে বাড়তে উত্তরা পর্যন্ত গেছে। উত্তরার মানুষও বলেন, ঢাকায় যাচ্ছি। আর গুলশানতো গ্রাম ছিল।” প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ। ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সরকারের উদ্দেশ্যে বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত না করে অবিলম্বে নির্বাচন দিন। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হব না।” খোকার দল বিএনপি বলে আসছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের লোক বসাতে চায় বলেই দুটি সিটি কর্পোরেশন করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে বলেন, আইন সংশোধনের ফলে পুরনো ঢাকা থাকবে একটি সিটি কর্পোরেশনের অধীনে। আর নতুন ঢাকার দেখভাল করবে অন্য কর্পোরশন। শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ান শেখ হাসিনা নিজে। আর ২৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত পদের ১০ জন কাউন্সিলরকে শপথবাক্য পড়ান স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান প্রথমে কারচুপির কথা তুললেও পরে তা প্রত্যাহার করে নেন। আইভী পরে সাংবাদিকদের বলেন, “আজ জনগণের বিজয় পূর্ণতা পেল।” মেয়র ও কাউন্সিলরদের জনসেবায় সরকার সব ধরনের সহায়তা দেবে জানিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, “এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা নারী। নারী হিসেবে নারায়ণগঞ্জের মেয়র তাই স্পেশাল অ্যাটেনশন পাবেন।” প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান শেষে মেয়র ও কাউন্সিলরদের আপ্যায়ন করান। নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, শপথ অনুষ্ঠান শেষে সহ সভাপতি আইভী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫০১ ঘ.