২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাহীনতায় লোকমানের পরিবার

পৌর মেয়র লোকমান হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাহিত করার অভিযোগ ওঠেছে। ২৬ দিনেও মূল পরিকল্পনাকারী ও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি বলছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

নরসিংদী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাহিত করার অভিযোগ ওঠেছে। ২৬ দিনেও মূল পরিকল্পনাকারী ও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি বলছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রোববার দুপুরে নরসিংদীর বাশাইলে নিহত পৌর মেয়রের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মা মাজেদা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছোট ছেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম নেওয়াজ। তিনি বলেন, “আওয়ামী লীগের কতিপয় নেতা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য লোকমানকে হত্যা করেছে। ২৬ দিনেও মূল পরিকল্পনাকারীসহ খুনিরা ধরা পরেনি। বরং খুনিরা মামলাকে ভিন্ন খাতে প্রভাহিত করাসহ আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে নানাভাবে ষড়যন্ত্র করছে।” হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়ে শামিম বলেন, “তাদের গ্রেপ্তারের আগ পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারছি না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” লোকমান হোসেন মারা যাওয়ার আগে হত্যাকারীদের নাম বলে গেছেন বলেও দাবি করেন তিনি। শামিম বলেন, “সেই অনুযায়ী পরিকল্পনাকারী ও খুনিদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা আছে কিনা- তা যাচাই করে দেখার কথা বলছেন।” “যাচাই করা পুলিশের কাজ নয়, সেটি আদালতের কাজ”, যোগ করেন লোকমানের ছোট ভাই। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ মামলার প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহাম্মেদ রাজুর ভাই সালাউদ্দিন আহাম্মেদ বাচ্চু। সংবাদ সম্মেলনে বাচ্চুকে বাঁচানোর যে কোনো চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে লোকমানের পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৩১ ঘ.