জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছয় শিক্ষার্থীকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
তবে প্রশাসনের কেউ বহিষ্কৃতদের নাম জানাননি।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বহিষ্কৃত এই ছয়জন শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী।
গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটির জেরে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ রিয়াদকে মারধর করে ছাত্রলীগের একাংশের কর্মীরা।
ওই সময় ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততার কথা স্বীকার করে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সম্পাদক আজগর আলী বলেন, “এ ধরনের পরিস্থিতি কারোরই কাম্য নয়। আমরা প্রক্টরকে অনুরোধ করেছি যেন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সুপারিশ অনুযায়ী এই জরুরি সিন্ডিকেট সভায় ছয় শিক্ষার্থীকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
“তবে আমি সভা চলাকালে মাত্র একবার নামগুলো দেখেছি। এ মুহূর্তে মনে করতে পারছি না,” বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আরজু মিয়ার কাছে বহিষ্কৃতদের নাম জানতে চাইলে প্রথমে তিনি ব্যাস্ততার অজুহাতে এড়িয়ে যান। পরে আবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে হামলার ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে একমাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.
bdnews24