ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থানার গোলাপবাগ এলাকায় ছিনতাইকালে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম বাক্কার ওরফে হাতকাটা বাক্কার (৪২)।
যাত্রাবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোমরেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এক মহিলার টাকা-পয়সা ও স্বর্ণলঙ্কার লুটকালে এ ঘটনা ঘটে।
তিনি বলেন,“বাক্কারের ডান হাতা কাটা, তবুও সে দুর্ধর্ষ। ওই এলাকায় তার আতঙ্কে এলাকাবাসী আতঙ্কিত।”
বাক্কার নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করলেও আগে গোলাপবাগ এলাকায় থাকতেন। এই এলাকায় প্রায়ই অটো রিকশা নিয়ে এসে ছিনতাই করে তিনি পালিয়ে যেতেন বলে পুলিশ কর্মকর্তা মোমরেজ দাবি করেন।
বাক্কারকে ছিনতাইকালে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে নাকি তাকে একা পেয়ে জনতা পিটিয়ে হত্যা করেছে জানতে চাইলে মোমরেজ বলেন, “এ পর্যন্ত তদন্তে জানা গেছে, ছিনতাই করার সময় গণপিটুনি খেয়ে বাক্কার মারা গেছে।”
ময়না তদন্তের জন্য বাক্কারের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫৫১ ঘ.
bdnews24