ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের স্ত্রী জোহরা রাহমান মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।
কবির পুত্রবধূ টিয়া রাহমান জানান, শুক্রবার বিকেলে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা যান জোহরা। শনিবার বেগম বাজারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কবিপত্নীর মৃত্যুর খবরে সাহিত্যিক, রাজনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা শ্যামলীর বাসায় ছুটে যান। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তারা।
মরহুমার নাতি দীপিতা জানান, ৭৭ বছর বয়সী জোহরা ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বুধবার স্ট্রোক হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সেখানেই মারা যান তিনি।
জোহরা ১৯৩৩ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। শামসুর রাহমানের সঙ্গে তার বিয়ে হয় ১৯৫৫ সালে। ২০০৬ সালের ১৭ অগাস্ট মারা যান কবি শামসুর রাহমান। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
জোহরা রাহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও শোক প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৯০৫ ঘ.
bdnews24