চাঁদপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেলার জন্য ছয় দিন কাপড়ের আড়ালে ঢাকা থাকার পর সংস্কৃতিকর্মীদের প্রতিবাদের মুখে উন্মুক্ত হয়েছে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার উপস্থিতিতে শহীদ মিনার আড়াল করে রাখা মঞ্চের কাপড়গুলো সরিয়ে নেওয়া হয়।
জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের পাশেই চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার। গত ১৯ নভেম্বর থেকে সেখানে শুরু হয় সপ্তাহব্যাপী পল্লী উন্নয়ন ও সমবায় মেলা। ওই সময় থেকে শহীদ মিনার কাপড় দিয়ে ঢেকে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো।
সংস্কৃতিকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে হিন্দি গান বাজিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়।
বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাদের নজরে তোলা হলে বৃহস্পতিবার পদক্ষেপ নেন জেলা প্রশাসক। তিনি এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া শহীদ মিনারে হিন্দি গান পরিবেশন ও অশ্লীল নৃত্য প্রদর্শনের কড়া সমালোচনা করেন তিনি। এ জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষমা চাওয়ারও নির্দেশ দেন।
শহীদ মিনার ঢেকে রাখার নিন্দা জানিয়ে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমবায় বিভাগ শহীদ মিনারকে নজিরবিহীনভাবে অবমাননা করেও কীভাবে পার পেয়ে যায়, সেটাই আমাদের প্রশ্ন।
শহীদ মিনার কাপড় দিয়ে ঢেকে রাখার ঘটনায় চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, শহীদ মিনার রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষ হিসেবে তিনি বিষয়টি দেখবেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
শহীদ মিনার ঢেকে অনুষ্ঠান করার কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০০০ ঘ.
bdnews24