ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে, সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”
দশের ৮৮ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আছে উল্লেখ করে কামরুল বলেন, যুদ্ধাপরাধীরে বিচারের বিষয়টিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে নিয়ে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকার গত বছর ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করে।
জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ও আব্দুল আলীমের বিচার চলছে এ ট্রাইব্যুনালে।
বিএনপি ও তাদের শরিক জামায়াতের নেতারা এই ট্রাইব্যুনালের বিরোধিকতা করে বলে আসছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সরকার বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে বিচারের নামে ‘প্রহসন’ চালাচ্ছে।
এর জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, “শক্ররা যতোই শক্তিশালী হোক, জয় অবশ্যম্ভাবী। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। একাত্তরের ঘাতকদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।”
কবি ত্রিদিব দস্তিদারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তব্য দেন কামরুল।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ত্রিদিব দস্তিদার ১৯৯৪ সালের ২৫ নভেম্বর মারা যান। ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭৫ এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর এর প্রতিবাদে কবিতা লেখেন তিনি।
এই কবির কথা স্মরণ করে কামরুল বলেন, “পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক আন্দোলনে আমরা ব্যর্থ হয়েছিলাম। তখন কবি ও তাদের কবিতাগুলোই প্রতিবাদী হয়ে উঠেছিলো।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ফাল্গুনি হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক এম এ করীম এবং রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24