২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে গরু ব্যবসায়ীকে জবাই

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঝিনাইদহ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পরে লাশ ভারত ভূখণ্ডে রামনগর মাঠে ফেলে রাখা হয়। নিহত তবিবর রহমান (৩২) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধারণা, একটি হত্যা মামলার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।” ২০০৮ সালে বাঘাডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়। এ খুনের মামলায় নিহত তবিবুর রহমান আসামি ছিলেন। ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাডাঙ্গা গ্রামের তবিবুর রহমান, রফিকুল ইসলাম ও মোল্লা ভারতের রামনগরে গরু আনতে যায়। পথে সিরাজুলের আত্মীয় স্বজনরা তবিবরকে কুপিয়ে ও জবাই করে ভারতের রামনগর মাঠে ফেলে রাখে। রফিকুল ও মোল্লা পালিয়ে এসেছেন বলেও জানান তিনি। বিজিবির চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ জানান, শুক্রবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর লাশ ফেরত আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১২৪১ ঘ.