২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি সমাবেশ, চন্দনাইশে ১৪৪ ধারা

চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষের একদিন পর যুবলীগ ও এলডিপি একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় অলি আহমদের নির্বাচনী এলাকা চন্দনাইশে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষের একদিন পর যুবলীগ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় অলি আহমদের নির্বাচনী এলাকা চন্দনাইশে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। চন্দনাইশ থানার ওসি মো. রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।” নারী সংসদ সদস্যদের নিয়ে অলি আহমদের ‘কটুক্তির’ প্রতিবাদে স্থানীয় যুবলীগ বিকাল ৪টায় কলেজ গেইট এলাকায় (গাছবাড়িয়া কলেজ) প্রতিবাদ সমাবেশ ডাকে। আর আদালত ভবনে অলি আহমদের ওপর হামলার প্রতিবাদে এলডিপিও একই সময়ে ওই এলাকায় সমাবেশের ঘোষণা দেয়। এই পরিপ্রেক্ষিতে ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে’ প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে বলে উল্লেখ করেন ওসি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ব্যবসায়ী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর চট্টগ্রামের আদালতে সাংসদ অলির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়, “গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি’র সমাবেশে অবসরাপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গীপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসমাজের কল্যাণ হবে।” বৃহস্পতিবার ওই মামলায় জামিন নিতে চট্টগ্রাম আদালত ভবনে গিয়ে সরকার সমর্থকদের হামলার মুখে পড়েন অলি। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তার ওপর হামলা হয়। এ সময় এলডিপি সমর্থক, আইনজীবী ও সাংবাদিকসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় গভীর রাতে দুই পক্ষ পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করে। এর মধ্যে দুটি মামলায় অলিসহ এলডিপির ৪১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ দুটি মামলা দায়ের কারেছেন আফতাব মাহমুদ শিমুল ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের নেতা এম ওয়াহিদুজ্জামান চৌধুরী। অন্যদিকে এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদ অন্য মামলায় চন্দনাইশের যুবলীগ নেতা আবু আহমদ ঝুনুসহ ২০ জনকে আসামি করেছেন। তিন মামলাতেই হামলা, ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৩০১ ঘ.