চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে গত জুলাই মাসে ট্রাক উল্টে ডোবায় পড়ে দুর্ঘটনায় আহত হওয়া আরো এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন কুমার শীল নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
নয়নের জ্যাঠাতো ভাই বাসুদেব শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর থেকে নয়ন ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
নয়ন শীল মিরসরাইয়ের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে মিরসরাইয়ের পূর্ব মায়ানি গ্রামের হারাধন শীলের ছেলে।
এ নিয়ে মিরসরাই দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে ফুটবল খেলা দেখে ফেরার সময় বড়তাকিয়া-আবু তোরাব সড়কের সৈদালী নামক স্থানে একটি ছোট ট্রাক উল্টে ডোবায় পড়ে ৩৯ স্কুল স্কুলছাত্র মারা যায়।
পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো পাঁচজন।
ওই দুর্ঘটনার মামলায় বৃহস্পতিবারই সাত জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩২৮ ঘ.
bdnews24