ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) নবনির্মিত শহীদ মিনার, মসজিদ ও দুটি গেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্তমানে এমপিওভুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সব কার্যক্রমও অনলাইনে করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা পরিবারের বিভিন্ন কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে। অনলাইনে কার্যক্রম পরিচালনা করলে বিভিন্ন ক্ষেত্রে ‘লেনদেন’ বন্ধ হয়ে যাবে।”
পাশাপাশি মাউশির বিভিন্ন দুর্নাম বন্ধে কর্মকর্তা-কর্মচারীদের আভ্যন্তরীণ কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষা ভবন নামে পরিচিত মাউশির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ১৭ অগাস্ট এক শিক্ষকের কাছে ঘুষ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে ধরা পড়েন মাউশির এক কর্মচারী।
মাউশির মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল্লাাহিল আজাদ ও মাউশির পরিচালক প্রফেসর আবুল কাসেম মিয়া বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৫১৫ ঘ.
bdnews24