বরগুনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটায় শিক্ষকের লাঠিপেটায় আহত বীনাপানি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সেই শিশু বিশেষ ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।
গত ১৭ নভেম্বর বিদ্যালয়ের বারান্দায় খুটির সঙ্গে বেঁধে শুভ মণ্ডল নামে ওই ছাত্রকে শিক্ষক মলয় সিকদার লাঠিপেটা করেন। পরে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার পাথরঘাটা চরদুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সে গণিত পরীক্ষা দেয়। তবে অসুস্থতার কারণে ওই পরীক্ষা তেমন ভালো হয়নি বলে জানিয়েছেন শুভর বাবা স্বপন মণ্ডল।
কক্ষ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “লাঠিপেটার পর থেকে শুভ মানসিকভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা দেওয়ার সময় তার মাথা ব্যাথা হওয়ার কথা আমাকে জানিয়েছে।”
এদিকে মলয় সিকদারের বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার।
তিনি বলেন, “শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩৫৫ ঘ.
bdnews24