২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ সাউথ পুরস্কার: প্রধানমন্ত্রীকে সংসদের অভিনন্দন

জাতিসংঘের সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বসম্মতভাবে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ। বুধবার প্রধান বিরোধী দল বিএনপি’র অনুপস্থিতিতে এ ধন্যবাদ প্রস্তাব আনেন ক্ষমতাসীন দলের নারী আসনের সাংসদ অপু উকিল। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ প্রস্তাবের ওপর প্রায় ৩০ মিনিট আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিউদ্দীন খান আলমগীর, অপু উকিল ও আবদুর রহমান ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। তারা বলেন, এ পুরস্কার প্রধানমন্ত্রীর একার নয়। দেশের আপামর জনসাধারণের। এটা জাতীয় স্বীকৃতি। তাদের বক্তব্য শেষে স্পিকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রস্তাবের বিষয়টি ভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর আগে সাংসদ আবদুর রহমান আশা প্রকাশ করেন, “প্রধানমন্ত্রী সাউথ সাউথ পুরস্কার নয়, একদিন নোবেল পুরস্কারেও ভূষিত হবেন।” নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতিস্বরূপ চলতি বছর শেখ হাসিনাকে সাউথ সাউথ পুরস্কারে ভূষিত করে জাতিসংঘ। অপু উকিল ধন্যবাদ প্রস্তাবে বলেন, “তার এ অনন্য অবদানে আমরা গর্বিত। এ বিরল সম্মানে ভূষিত হওয়ায় এ দেশের আপামর জনসাধারণ ও সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩২৭ ঘ.