২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব: আশরাফ

সেনাবাহিনী থাকলেই নির্বাচন সুষ্ঠু হয় না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী থাকলেই নির্বাচন সুষ্ঠু হয় না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গত মাসের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বুধবার বলেন, “বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, টক শোতে এমন এক অবস্থা সৃষ্টি করা হয়েছিল যে দেশে কেয়ামত আসন্ন।” “কিন্তু সেই নির্বাচনও শন্তিপূর্ণ পরিবেশে হয়েছে।”- যোগ করেন সৈয়দ আশরাফ। কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলায় দলীয় সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (তিনি পরে নির্বাচনে জয়ী হন) এবং বিএনপি সমর্থিত প্রার্থীর দাবির পর নির্বাচন কমিশন সেখানে সেনা মোতায়েন চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। “এ সরকারের আমলে অনুষ্ঠিত সংসদের উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা নির্বাচন ও ইউপি নির্বাচনের কোনোটিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” উল্লেখ করে সৈয়দ আশরাফ বুধবার বলেন, “এতে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।” নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন না হওয়া নিয়ে মঙ্গলবার সরকারি ব্যাখ্যা পাওয়ার পর নির্বাচন কমিশন বলেছে, ‘ভুল বোঝাবুঝি’র কারণে তা হয়নি। নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার ও সেনা মোতায়েন না হওয়াসহ বিভিন্ন বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করে নির্বাচনে ভোটগ্রহণের সাড়ে সাত ঘণ্টা আগে ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩১১ ঘ.