গাইবান্ধা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটের হুমকিতে গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস কলেজের এক ছাত্রী কলেজে যেতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ওই ছাত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
কলেজের অধ্যক্ষ জাকারিয়া খন্দকার ওই ছাত্রীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা কিমামত খেজু গ্রামের এই মেয়েটিকে দীর্ঘদিন থেকে কলেজে আসাযাওয়ার পথে পাশের দক্ষিণহাট বামুনি গ্রামের বখাটে সুজন মিয়া উত্ত্যক্ত করে আসছিল।
গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ২টার দিকে কলেজ থেকে তার আরেক সহপাঠীনির সঙ্গে বাড়ি ফেরার সময় সুজন, তার সঙ্গী মজনু ও মিঠু তাদের পথরোধ করে।
পরে সুজন মেয়েটিকে মারধর করে। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে অপহরণের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।
এরপর থেকে তার কলেজ যাওয়া বন্ধ রয়েছে।
অধ্যক্ষ আরো জানান, বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকসহ কলেজে এসে মঙ্গলবার তাকে লিখিতভাবে জানিয়েছে।
পরে তিনি ওই অভিযোগ থানায় পাঠিয়েছেন বলে জানান।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে শিগগিরই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24