মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিয়ের ক্ষেত্রে কর দ্বিগুণ করা হয়েছে এবং তা দিতে হবে পুরুষদের।
বুধবার বিকালে সিসিসি’র মাসিক সাধারণ সভায় বিয়ের ক্ষেত্রে কর বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র মেয়র এম মনজুর আলম।
সিসিসি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সভার সিদ্ধান্ত অনুসারে নগরবাসীকে এখন থেকে বিবাহ, দত্তক গ্রহণ, জন্ম ও মৃত্যুর সনদ গ্রহণের ক্ষেত্রে নতুন হারে কর দিতে হবে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এখন নতুন হার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে প্রজ্ঞাপন হলে তা কার্যকর হবে।
সিদ্ধান্ত অনুসারে, পুরুষদের প্রথম বিয়েতে ২৫ টাকার পরিবর্তে ৫০ টাকা, প্রথম স্ত্রীর জীবদ্দশায় (অনুমতিক্রমে) দ্বিতীয় বিয়ের জন্য এক হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা, তৃতীয় বিয়ের ক্ষেত্রে পাঁচ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার এবং চতুর্থ বিয়ের ক্ষেত্রে ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করে প্রতি বছর কর দিতে হবে।
সাইফুদ্দিন জানান, সিসিসি’র আটটি রাজস্ব সার্কেলের অধীনে এ কর আদায় করা হবে।
সাধারণ সভায় উপস্থিত কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহু বিবাহকে নিরুৎসাহিত করতে কর বাড়ানোর হারকে স্বাগত জানিয়েছেন সাধারণ কাউন্সিলররা।
তবে সিসিসি’র সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সৈয়দা রেহানা কবির রানু মনে করেন, কর বাড়িয়ে বহু বিবাহের প্রবণতা রোধ করা যাবে না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাড়ানোর পরও যে কর হবে, তা দেওয়া খুব কষ্টসাধ্য নয়। কম আয়ের পুরুষদের মধ্যে কেউ কেউ একাধিক বিয়ে করে এবং স্ত্রীর উপার্জন করা টাকায় চলে।”
“বহু বিবাহ বন্ধে প্রয়োজন সুস্থ মানসিকতার। কর বাড়িয়ে বিয়ে করার অনুমতি দেওয়া এক ধরনের স্বীকৃতি,” বলেন রেহানা।
আরেক নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক পুরুষ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে একের পর এক বিয়ে করতে থাকে। কর বাড়ানো হলে এটা নিরুৎসাহিত হবে।
সভার সিদ্ধান্ত অনুসারে জরুরি জন্ম-মৃত্যু সনদের ক্ষেত্রে দুইশ টাকার পরিবর্তে চারশ টাকা এবং সাধারণ ক্ষেত্রে একশ টাকার পরিবর্তে দুইশ টাকা কর দিতে হবে।
বকেয়া কর পরিশোধের আহ্বান
সভায় মেয়র আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সিসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সুযোগ সুবিধা ও সেবা কার্যক্রম অনেকাংশে করের ওপর নির্ভর করে। যেসব বাড়িমালিক কর বকেয়া রেখেছেন তারা ১৫ ডিসেম্বরের মধ্যে কর পরিশোধ করলে সারচার্জ মওকুফ করা হবে।
আগামী বছরের জানুয়ারির মধ্যে নগরীর অবৈধ দখলকৃত নালা-নর্দমা, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সিসিসি’র নির্বাহী হাকিমদের নির্দেশ দেন মেয়র।
আগামী সপ্তাহ থেকে নগরীর প্রধান খালগুলো খননেরও সিদ্ধান্ত নিয়েছে সিসিসি। সভায় মেয়র বলেন, গত বর্ষা মৌসুমে বেশি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তাই এবার শুষ্ক মৌসুমে খালের মাটি তোলার কাজ শুরু করছি।
এছাড়া নগরীর বহদ্দারহাট, জিইসি মোড়, দুই নম্বর গেইট, মুরাদপুর, এ কে খান, বাদামতলী ও সরাইপাড়া মোড় এলাকায় ফুট ওভার ব্রিজ স্থাপনের সিদ্ধান্তের কথা সভায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২১২০ ঘ.
bdnews24