২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির ২৮টি গাড়ি ভাংচুর করলো শিক্ষার্থীরা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮টি যানবাহন ভাংচুর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮টি যানবাহন ভাংচুর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভবনের নিচ থেকে গাড়ি পার্কিংয়ের স্থান সরিয়ে নেওয়ার দাবিতে নগরীর দামপাড়ায় সিসিসি পরিচালিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এসব গাড়ি ভাংচুর করে। বুধবার বিকালে ভাংচুরের আগে সিসিসি’র ওই পার্কিং স্থানে একটি ভাউচারে (পানিবাহী গাড়ি) আগুন লাগে। এরপরই পার্কিংয়ের স্থান সরিয়ে নেওয়ার দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত ২৮টি গাড়ির সবগুলোই পার্কিংয়ে রাখা ছিলো। এর মধ্যে ১৬টি অটোরিকশা, নয়টি ছোট-বড় পিকআপ ভ্যান, দুুটি বাস ও একটি লাশের গাড়ি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুকান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে ভবনের মূল সিড়ির পাশে রাখা পানির ভাউচারটির চালকের আসন সংলগ্ন অংশে আগুন লাগে। “এসময় সিসিসির কর্মচারীদের আগুন নেভাতে বললেও তারা নিস্ক্রিয় ছিল। পরে শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নেভায়,” বলেন তিনি। ভবনটির তিন থেকে ছয় তলা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। এখানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী আছে। আগুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবন থেকে নিচে নেমে আসে। সিসিসি’র পরিচ্ছন্নসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভাংচুর ঠেকাতে গেলে শিক্ষার্থীদের রোষানলে পড়েন। বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকাল সোয়া ৪টার দিকে ক্যাম্পাসে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. অনুপম সেন। শিক্ষার্থীরা এসময় ভবনের নিচ তলা থেকে গাড়ি পার্কিং সরিয়ে নেওয়ার দাবি জানায়। এরপর সিসিসি’র মেয়র মনজুর আলমের সঙ্গে বিকালে বৈঠক করেন উপাচার্য। ওই বৈঠকে উপস্থিত কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন ওই পার্কিং এ কোনো বিপজ্জনক গাড়ি থাকবে না। পর্যায়ক্রমে ওই স্থান থেকে পার্কিং সরিয়ে নেওয়া হবে। সিসিসি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজন্য কিছু ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে। তিনি জানান, গাড়ির আগুন নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের তৎপরতার জন্য ধন্যবাদ দিয়েছেন মেয়র। তবে গাড়ি ভাংচুর না করে আলোচনা করলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন তিনি। সিসিসির জনসংযোগ কর্মকর্তা জানান, ভাউচারটির চালক নির্ধারিত স্থানের বাইরে গাড়ি রেখে চলে যায় এবং এতে দুর্ঘটনাবশত আগুন লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০৪৪ ঘ.