নরসিংদী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকা-ে শহর আওয়ামী লীগ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়াকে আসামি করার প্রতিবাদ করেছে তার পরিবার।
বুধবার সকালে শহরের পশ্চিম দত্তপাড়ায় নিজেদের বাড়িতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোন্তাজ উদ্দিন ভূইয়ার বড় ভাই জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ ভূইয়া।
লোকমান হোসেন হত্যার ঘটনায় তার ভাই মো. কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
মোন্তাজ ভূইয়া এই মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।
সংবাদ সম্মেলনে মোস্তাক ভূইয়া বলেন, লোকমান হত্যাকা- নিয়ে ষড়যন্ত্রকারী মহল তার ছোট ভাইয়ের সারাজীবনের ‘ক্লিন’ রাজনীতি ধ্বংস করার হীন উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত করেছে।
তিনি মামলা থেকে তার ভাইয়ের নাম প্রত্যাহার এবং হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেন।
নরসিংদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছিরুল হক ভূইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছেদ ভূইয়া প্রমুখ।
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন।
এ ঘটনায় পর্যন্ত গ্রেপ্তার সেলিম, মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কা, আশরাফুল সরকার, হাজী ফারুক, মাহফুজ হোসেন তাওয়াব ওরফে সবুজ, শাহিন ও নাছির বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৫১ ঘ.
bdnews24