নারায়ণগঞ্জ, নভেম্বর ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিককে মারধরের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সাত কর্মকর্তাকে পাঁচঘণ্টা অবরুদ্ধ ও মারধর করেছে।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার দাপা এলাকার ‘মেরিনা এ্যাপারেলসে’ এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পরে র্যাব ও পুলিশ গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করে।
কারাখনার শ্রমিক আমজাদ, সাগর অভিযোগ করেন, কারখানায় কোনো হেলপার রাখে না মালিকপক্ষ। তাই প্রত্যেক শ্রমিকককে দু’জনের কাজ করতে হয়। প্রায়ই উৎপাদন কর্মকর্তারা শ্রমিকদের মারধর করে।
সকালে এক শ্রমিককে মারধর করলে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এই কারখানায় ১৮শ’ শ্রমিক কাজ করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, সকালে সহকারী উৎপাদন কর্মকর্তা সাইদুল এক শ্রমিককে চড় দেন। এর জেরে দুপুর ২টায় বিক্ষুদ্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে তৃতীয় ও চতুর্থ তলায় বিক্ষোভ করে।
এ সময় তারা সহকারী উৎপাদন কর্মকর্তা সাইদুল, নজরুল ও ঠিকাদার সিদ্দিককে তিন তলায় আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে আসেন।
এছাড়া তিন তলা ও চার তলায় বিভিন্ন কক্ষে কর্মরত আরো চার কর্মকর্তা আটকা পড়েন। ফটকে তালা দিয়ে তাদের কক্ষেই অবরুদ্ধ রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24