ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনসহ আগামীতে সব নির্বাচনই অবাধ সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এ প্রসঙ্গে দৃষ্টান্ত হিসেবে তিনি চট্রগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা উল্লেখ করেন।
নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরশেন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে মঙ্গলবার।
মন্ত্রী বলেন, “এই নির্বাচন [নারায়ণগঞ্জ নির্বাচন] স্ষ্ঠুু হবে কি না এ নিয়ে নানা গুঞ্জন ছড়ানো হয়েছিলো। টক শোতে নানা কথা বলা হয়েছিলো। কিন্তু নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও অবাধ হয়েছে। এই সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই অবাধ সুষ্ঠু হয়েছে।”
গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না হওয়ায় এ নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল বিএনপি। যদিও তারা ভোটগ্রহণের মাত্র সাড়ে সাত ঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
সৈয়দ আশরাফ মঙ্গলবার বলেন, “আমাদের জবাবদিহিতা আছে। অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। আমাদের দায়িত্ব টেলিভিশনের টক শোতে যাওয়া না। টক শোতে যারা কথা বলে তাদের জবাবদিহিতা নেই।”
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর কার্যালয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র বিক্রি উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি।
তিনি বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে।
আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের ওপর জোর দিয়ে তিনি বলেন, “সদস্য পদ নবায়ন না করলে আগামীতে দলের কেউ কাউন্সিলর হতে পারবে না। তবে তার ভোটাধিকার থাকবে।”
“এমনকি আগামীতে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সময় নবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।”- যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দলের সভানেত্রী শেখ হাসিনা সদস্যপদ নবায়ন করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, “নেত্রী যেখানে নবায়ন করেছেন সেখানে সবাইকে নবায়ন করতে হবে, সে যেই হোন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২৩ ঘ.
bdnews24