কুমিল্লা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রতিবাদে কুমিল্লা সিটি কর্পোরেশনের তফসিল প্রত্যাখ্যান করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার তফসিল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তারা একটি প্রতিবাদ মিছিল করেছে।
আগামী ৫ জানুয়ারি তারিখ রেখে নবগঠিত এই সিটি কর্পোরেশনের নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
কুমিল্লা জেলা বিএনপির মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানে তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন দলের জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
তিনি বলেন, ইভিএমের মাধ্যমে সূক্ষ কারচুপি হয়, ডিজিটাল কারচুপি হয়। এজন্য এই বিতর্কিত ও ডিজিটাল কারচুপির নির্বাচনে বিএনপি যাবে না।
নির্বাচন কমিশন একতরফাভাবে বিএনপির দাবি পাশ কাটিয়ে তফসিল ঘোষণা করেছে। বিএনপি কুমিল্লার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই বিতর্কিত নির্বাচন প্রতিহত করবে, বলেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
তফসিল ঘোষণার আগে সকালে দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সিইসি শামসুল হুদা।
তিনি জানান, কুমিল্লার সব ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৩ ঘ.
bdnews24