ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ওই মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
মঙ্গলবার পৌনে ১২টার দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুনির আহমেদ পাটোয়ারী জামিন আবেদন নাকচ করে গুলশান আরাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে অসুস্থ হওয়ায় তাকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে চিকিৎসা দিতে বলা হয়েছে।
১০ কোটি ৪ লাখ ১৩ হাজার ৯৩৫ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে হাজী সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০৭ সালের সেপ্টেম্বরে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০০৮ সালে ২৭ এপ্রিল মামলার রায়ে গুলশান আরাকে তিন বছর এবং হাজী সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আর্থিক জরিমানাও করা হয় তাদের।
গুলশান আরার আইনজীবী শ্রী প্রাণনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি অসুস্থ বলে আমরা তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার আবেদন করেছিলাম। আদালতের আদেশে গুলশান আরাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কারা কর্তৃপক্ষের হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হবে।”
গুলশান আরার পক্ষে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারও মঙ্গলবার শুনানিতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/১৪১০ ঘ.
bdnews24