ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ‘ডিজিটাল’ বাংলাদেশ গড়ায়ও সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি সোমবার বলেন, “জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির প্রকল্প বাস্তবায়নে সশস্ত্র বাহিনী সফলতার পরিচয় দিয়েছে।”
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সোমবার বিকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এই অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং তার দল বিএনপির অন্যান্য নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, উদ্ধার তৎপরতা ও অন্যান্য অভ্যন্তরীণ সঙ্কটে সশস্ত্র বাহিনী কর্মকাণ্ডের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,“বিভিন্ন জনসেবামূলক কাজের জন্য সশস্ত্র বাহিনী আজ জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে আস্থা অর্জন করতে পেরেছে। জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী।”
বিডিআর বিদ্রোহ
বিডিআর বিদ্রোহের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বিচার কাজ ত্বরান্বিত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করি দ্রুতই এই বিচার কাজ শেষ হবে।”
“আটশ’ আসামি। এত বড় বিচার কাজ কোথাও হয়েছে কি না জানি না। আমরা চাই, যারাই এই ঘটনা ঘটিয়েছে- তারা শাস্তি পাক,” যোগ করেন তিনি।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে জওয়ানদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
ওই বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।
‘
বঙ্গবন্ধুর তৈরি ভিতে আজকের বাহিনী’
বাংলাদেশের স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “তখন কোনো রিজার্ভ মানি ছিলো না, দেশের পুল-ঘাট, রাস্তা সব বিধ্বস্ত ছিলো। তার ওপর ছিলো শরণার্থীদের চাপ। তারপরও তিনি মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মড স্কুল ও প্রতিটি কোরের জন্য ট্রেনিং স্কুলসহ আরও অনেক সামরিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।”
“বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর যে সুদৃঢ় ভিত রচনা করে গেছেন, তারই উপর দাঁড়িয়ে আমাদের আজকের সশস্ত্র বাহিনী,” বলেন শেখ হাসিনা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেছিল। এরপর থেকে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
বর্তমান সরকারের সময়ে সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
‘
অর্থমন্ত্রী রাজি হলেই ব্যবস্থা’
সেনাকুঞ্জে অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান।
তিনি বলেন, “বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমরা আমাদের অর্থনীতি সফল রাখতে সক্ষম হয়েছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
সশস্ত্র বাহিনীর সদস্যদের বর্ধিত হারে এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রবর্তনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অর্থমন্ত্রী রাজি হলে এবং অর্থের ব্যবস্থা করতে পারলেই এটা আমরা করবো।”
জাতিসংঘ মহাসচিব বান কি মুন চলতি মাসে ঢাকা সফরে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য নিযুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সরকারি দল ও মহাজোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌছানোর পর জাতীয় সংগীত বাজানো হয়। এরপর, প্রধানমন্ত্রী বক্তব্য দেন। পরে তিনি অনুষ্ঠানস্থলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২১ ঘ.
bdnews24