ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রারম্ভিক বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন।
৪০ বছর আগের ঘটনার এ বিচার চালিয়ে নেওয়া আইনজীবীদের পক্ষে সৈয়দ রেজাউর রহমান সোমবার ট্রাইব্যুনালে বক্তব্য শেষ করেন।
প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আগের দিন বক্তব্য শুরু করেছিলেন। তিনি এক ঘণ্টা বক্তব্য রাখার পর রেজাউর রহমান বাকি বক্তব্য উপস্থাপন শুরু করেন।
প্রসিকিউশন বিভাগ জামায়াতে ইসলামীর নেতা সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ আনলেও তার মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে গত ৩ অক্টোবর অভিযোগ গঠন হয়।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
সাঈদীর পক্ষে আগামী ৭ ডিসেম্বর থেকে সাক্ষ্য নেওয়ার দিন রোববারই ঠিক করেছিলো বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাঈদী রোববার দুটি আবেদনও করেন। একটিতে ট্রাইব্যুনাল প্রধান পদে বিচারপতি নিজামুল হকের থাকার বৈধতা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। অন্যটিতে সাঈদীর বিচার মুলতবির আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলে, প্রথম আবেদনের বিষয়ে আগামী বুধবার ব্যাখ্যা দেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয় আবেদনের ক্ষেত্রে আসামিপক্ষকে ৭ ডিসেম্বরের মধ্যে তাদের সাক্ষীর তালিকা জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
যুদ্ধাপরাধের বিচারে দুই দশক আগে জাহানারা ইমামের নেতৃত্বে তদন্ত কমিশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিজামুল হককে নিয়ে আপত্তি টাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলো সাঈদীর আইনজীবীরা। তবে ট্রাইব্যুনাল বলেছে, কোনো বিচারককে অব্যাহতি দেওয়ার এখতিয়ার তাদের নেই।
সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং তার পক্ষে দাঁড়িয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ রোববার বলেন, নৈতিক অবস্থান থেকেই বিচারপতি নিজামুল হকের সওে দাঁড়ানো উচিত।
এর বিরোধিতা করে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আসামি পক্ষ এমন কোনো যুক্তি বা প্রমাণ দিতে পারেনি, যাতে প্রমাণ হয়, বিচারপতি নিজামুল হক পক্ষপাতদুষ্ট।
এ নিয়ে সাঈদী আবেদন যৌক্তিকভাবেই নাকচ করা হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
নায়েবে আমির সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24