কিশোরগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার বন্ধ হয়ে যাওয়া নীলগঞ্জ স্টেশন পুনরায় চালুর দাবিতে স্থানীয়দের অবরোধের কারণে আধা ঘণ্টা আটকা ছিলো একটি ট্রেন।
সোমবার সকাল ৯টার দিকে কয়েক হাজার মানুষ স্টেশনে অবস্থান নেয়। এতে ভৈরব থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি আটকা পড়ে।
এরপর পুলিশ গিয়ে জনতাকে রেল লাইন থেকে সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে ট্রেনটি গন্তব্যে রওনা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর থানার উপপরিদর্শক হাবীবুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বাধীনতার আগে থেকে চালু নীলগঞ্জ রেল স্টেশনটি চলতি বছরের ৪ জুলাই বন্ধ করে দেওয়া হয়।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার বলেন, লোকবল সঙ্কটের কারণে স্টেশনটি বন্ধ হয়ে গেছে।
অবরোধকারীরা বলেন, স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াত ও কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনের ব্যয় অনেক বেড়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে।
মাইজকাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশনটি পুনরায় চালুর জন্য স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ রেলের ঊর্ধতন কর্মকর্তাদেরকে লিখিত ও মৌখিকভাবে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।
স্টেশনটি পুনরায় চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দেলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।
মাইজকাপন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুরুজ মিয়া বলেন, স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে বাধ্য হয়ে জনগণ আন্দোলনে নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৭০৪ ঘ.
bdnews24