২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারকেন্দ্রিক পর্যটন এলাকা গড়ার পরিকল্পনা

কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনকে নিয়ে পর্যটন এলাকা গড়ে তুলতে একটি মহাপরিকল্পনা গ্রহণ (মাস্টার প্ল্যান) করা হয়েছে বলে জানিয়েছেন বেসমারিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনকে নিয়ে পর্যটন এলাকা গড়ে তুলতে একটি মহাপরিকল্পনা গ্রহণ (মাস্টার প্ল্যান) করা হয়েছে বলে জানিয়েছেন বেসমারিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। রোববার চট্টগ্রামের একটি হোটেলে 'সাদার্ন ইউনিভার্সিটি' আয়োজিত এক সেমিনারে বক্তব্যের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, "কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন নিয়ে একটি মাস্টার প্ল্যান করা হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।" পর্যটন এলাকার উন্নয়নে 'কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি' করাও প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সুন্দরবনকে নিয়েও আরেকটি মহাপরিকল্পনা করা হবে। পাবর্ত্য চট্টগ্রামে কিছু পর্যটন প্রকল্প বেসরকারি খাতে দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ পর্যটন (ডোমেসটিক ট্যুরিজম) বাড়লেও আন্তর্জাতিক পর্যটন (ইন্টারন্যাশনাল ট্যুরিজম) কাক্সিক্ষত মাত্রায় বাড়েনি। বছরে আরো ১০ লাখ বিদেশি পর্যটককে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করা সম্ভব- এ কথা তুলে ধরে জি এম কাদের বলেন, দক্ষ জনবল গড়ে তুলতে সরকার আরো চারটি নতুন পর্যটন বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে 'পর্যটন শিল্পের প্রসারে পর্যটন বিষয়ক শিক্ষার গুরুত্ব' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট বিভাগের সমন্বয়ক আলী ইকরামুল হক। সেমিনারে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. এ এন এম আব্দুল মুক্তাদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নুরুদ্দিন চৌধুরী বক্তব্য দেন। প্রাকৃতিক সপ্তমাশ্চার্য নির্বাচন প্রতিযোগিতায় সুন্দরবন বাদ পড়ার বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ব্যর্থতা আছে বলে মনে করি না। প্রতিযোগিতায় সবাই জিতবে এমন কোনো কথা নেই। "এ প্রতিযোগিতার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিলো। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এ প্রতিযোগিতা থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/২১২৫ ঘ.