বরগুনা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বরগুনায় শিক্ষকের পিটুনির শিকার এক ছাত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষকের হাতে নির্যাতিত ছাত্র শুভ মণ্ডল পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বীনাপানি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ে।
চরদুয়ানী ইউনিয়নের স্বপন মণ্ডলের ছেলে শুভকে রোববার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষক মলয় সিকদার মারধরের কথা স্বীকার করলেও তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি 'অতটা' মারেননি।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানান, এ ঘটনাটি তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বছরের ২৬ এপ্রিল ১১ ধরনের শারীরিক ও দুই ধরনের মানসিক শাস্তি নিষিদ্ধ করে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে এরপরও এ ধরনের কয়েকটি ঘটনা প্রকাশ হয়েছে। সর্বশেষ প্রকাশ হলো বরগুনার ঘটনাটি।
সহকারী শিক্ষক মলয় বলেন, শ্রেণীকক্ষে দুষ্টুমি করায় শুভকে বেত্রাঘাত করেন তিনি। তবে শুভর বাবা স্বপনের দাবি, তার ছেলেকে বেঁধে পেটানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত মিত্র শিশুটিকে রশি দিয়ে বেঁধে পেটানোর কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তিনি জানিয়েছেন।
শুভকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার দেওয়ার পর বরিশালে নেওয়া হয়।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুরটি শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নাই। এক্স-রে রিপোর্টও ভালো এসেছে। শুভ ব্যথার কথা বলায় কিছু ওষুধ দেওয়া হয়েছে। তাকে অবজার্ভেশনে রাখা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24