সাদেকুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নওগাঁ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় বেপর্দার কারণ দেখিয়ে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের নারী কর্মীকে বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল।
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম পরিষদের চেয়ারম্যান ফয়সাল শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তো তাকে বাদ দিতে পারি না। এমপি সাহেব ( ড. আকরাম হোসেন চৌধুরী) দুজনের নাম দিয়েছেন আর আমি দুজনের নাম দিয়েছি। আর কোনো পোস্ট না খালি না থাকায় সে বাদ পড়েছে।"
বৃহস্পতিবার চেয়ারম্যান ফয়সালের বিরুদ্ধে বেপর্দার অজুহাতে কর্মচ্যুত করার অভিযোগ এনে জেলা প্রশাসক এবং মহাদেবপুর উপজেলার ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ করেন তথ্যসেবা উদ্যোক্তা উম্মে মাহবুবা।
এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর শনিবার সরকারি তদন্ত শুরু হয়।
শনিবার উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ফয়সালের সঙ্গে কথা বলার সময় ভিডিও ক্যামেরা চালু করতে গেলে তিনি বলেন, "আমি ছবি তোলার বিপক্ষে। নির্বাচনী পোস্টারেও আমি কোনো ছবি ব্যবহার করিনি।"
এলাকাবাসী জানায়, তাবলীগ জামাতের অনুসারী হওয়ায় নির্বাচনী পোস্টারে তিনি ছবি ব্যবহার করেননি।
এর আগে গত বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহবুবার চলাফেরা বেপরোয়া, তার বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে।"
উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের আনিছুর রহমানের মেয়ে মাহবুবা তথ্য সেবা কেন্দ্রের কাজের পাশাপাশি নওগাঁ ডিগ্রি কলেজে পড়েন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুজ্জামান শনিবার বলেন, মাহবুবার অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
এরই মধ্যে চেয়ারম্যান ফয়সাল এবং ওই ইউনিয়নের সচিব লিখিত জবানবন্দি দিয়েছেন বলে জানান ইউএনও।
এর আগে নওগাঁ জেলা প্রশাসক ড. মোসাম্মৎ নাজমান আরা খাতুন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে যৌথভাবে এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
ইউএনও আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার অভিযোগকারী মাহবুবার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। এ সময় পুনরায় লিখিত জবানবন্দি চাইলে বৃহস্পতিবার দেওয়া অভিযোগপত্রই তার জবানবন্দি বলে সে জানিয়েছে।"
বৃহস্পতিবার দেওয়া অভিযোগপত্রে মাহবুবা বলেন, তার আচরণ ইসলামী শরিয়ত সম্মত না হওয়ার অপব্যাখ্যা দিয়ে বোরকা ব্যবহার না করার 'অপরাধে' তার কাছ থেকে তথ্যসেবা কেন্দ্রের চাবি কেড়ে নিয়ে তাকে তথ্যসেবা কেন্দ্রে যেতে নিষেধ করেন চেয়ারম্যান শাহ আলম।
মাহবুবার দাবি, চেয়ারম্যানের জামাতার বন্ধু জিয়াউর রহমানের বিরুদ্ধে থানায় উত্ত্যক্ত করার অভিযোগ করায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে এ পদক্ষেপ নিয়েছে।
২০১০ সালের অগাস্টে দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দিয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ জাকির হোসেনের বেঞ্চ একটি আদেশ দেয়।
নওগাঁর পাশের জেলা নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজে ছাত্রীদের বোরকা পরে আসতে বাধ্য করার ঘটনা ঘটলে আদালতের ওই নির্দেশ আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জিএনএ/০১৩৪ ঘ.
bdnews24